Thursday, June 20, 2013

সোলাস ওএস ১.৩ (স্ট্যাবল) - আকর্ষণীয় লাগেনি!

ছবিঃ সোলাস ওএস ১.৩ (স্ট্যাবল) লাইভ সেশন

আমি আসলে কোন লিনাক্স ‘গীক’ নই, নিতান্তই একজন লিনাক্স ‘নূব’ এবং একজন ডিস্ট্রোহপার। সে কারণে এটা ওটা ডিস্ট্রো ট্রাই করতেই থাকি। তারই ধারাবাহিকতায় একদিন সোলাস ওএস ১.৩(স্ট্যাবল) ৬৪-বিট ডাউনলোড করলাম এবং লাইভ সেশন ট্রাই করলাম।

শুরুতে যারা জানেন না তাদের জন্য সোলাস ওএস-এর একটুখানি পরিচয় দেয়া প্রয়োজন। সোলাস ওএস ডেবিয়ান স্ট্যাবল ভিত্তিক একটি ডিস্ট্রিবিউশন। সবচেয়ে বড় পরিচয়, এটি জিনোম ২.৩০ এনভায়রনমেন্ট ব্যবহার করে। জিনোম ৩ আবির্ভাবের পর প্রত্যেকেরই যখন বিরক্তি ধরে যাচ্ছিল জিনোম এনভায়রনমেন্ট-এর প্রতি, তখন উবুন্টু নিয়ে এল ইউনিটি (যা কিনা প্রাথমিকভাবে নতুন লিনাক্স ব্যবহারকারী ছাড়া কেউই ভালভাবে নেয়নি), লিনাক্সমিন্ট নিয়ে এল সিনামন(জিনোম ৩ ভিত্তিক) এবং মেট(জিনোম ২ ভিত্তিক), আর আলোচ্য সোলাস ওএস এল জিনোম ২.৩০ নিয়ে। জিনোম-অনুরাগীদের মনে এই সিনামন,মেট এনভায়রনমেন্ট এবং সোলাস ওএস হাঁফ ছেড়ে বাঁচার মত অনুভূতি সৃষ্টি করেছে। জিনোম ৩-এর আবির্ভাবে যে হতাশার সঞ্চার হয়েছিল অনেক লিনাক্সপ্রেমীর মনে, সেটি দূরীভূত হয়ে পুনরায় আশার সঞ্চার হয়েছে।

সে অর্থে আমিও আকৃষ্ট হয়ে পড়েছিলাম সোলাস ওএস সম্পর্কে জেনে। এবং সে কারণেইে এর লাইভ সেশনে দেখছিলাম এটি কেমন।

   ছবিঃ সোলাস ওএস (স্ট্যাবল) সিস্টেম সেটিংস

আমি ব্যক্তিগতভাবে লিনাক্সমিন্ট মেট ভক্ত। ফলে সোলাস ওএস ১.৩ (স্ট্যাবল)-এর কাছে প্রত্যাশা ছিল লিনাক্সমিন্ট মেট-এর সমান বা তারও বেশি। কিন্তু হায়! পারফরম্যান্স লিনাক্সমিন্ট-এর বেশি তো নয়ই, ধারেকাছেও বলে মনে হল না।

আমি অবশ্য ট্রাই করেছি আমার এএমডি ডুয়াল কোর ল্যাপটপে। অন্য কোন মেশিনে ট্রাই করিনি, ইচ্ছে হয়নি। জানিনা অন্য মেশিনে এর পারফরম্যান্স বেটার হত কিনা। 
এটিকে যথেষ্ট স্লো মনে হল। ভিডিও পারফরম্যান্স বাজে। ক্যাটালিস্ট ড্রাইভার ইন্সটল করলে কিছুটা উন্নতি ঘটবে বটে, তবে সেটি পর্যাপ্ত হবে না- বোঝাই যাচ্ছে।
ফ্লাশ প্লেয়ার সাপোর্ট, এমপিথ্রি, ডিভিডি প্লেব্যাকসহ প্রয়োজনীয় সকল কোডেক দেয়া আছে এবং সেগুলো যথাযথভাবে কাজও করে। ফায়ারফক্স, ভিএলসি প্লেয়ারসহ অ্যাপ্লিকেশন যা আছে পর্যাপ্ত মনে হল যদিও কয়েকটা অ্যাপ্লিকেশন-এর ক্ষেত্রে আমার ভিন্ন রিকমেন্ডেশন ছিল। 
কিন্তু এরকম রিকমেন্ডেশন অনেক ইউজারেরই থাকতে পারে বা থাকবে -এটাই স্বাভাবিক। আমার বা তাদের রিকমেন্ডেশন শোনা জরুরী নয়, বরং সোলাস ওএস টিম তাদের পরিকল্পনা, তাদের সৌন্দর্যবোধ এবং সর্বোপরি তাদের আদর্শ অনুসারে একটি পরিপূর্ণ ডিস্ট্রো উপহার দেবে -এটই সবার প্রত্যাশা।
সোলাস ওএস ২ যেন হয় সেই ডিস্ট্রো। অপেক্ষায় রইলাম।
  

0 comments:

 
Theme Template by BTDesigner · Powered by Blogger